back to top

শিশু ধর্ষণ-হত্যা নিয়ে ক্ষোভ, লন্ডনে প্রবাসীদের মানববন্ধন

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ০৮:৪৫
[photo_card_and_fontsize]

বাংলাদেশে শিশু হত্যা, নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির প্রতিবাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’।

সোমবার (১ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশে শিশু হত্যা, নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়েছে। সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে তারা অভিযোগ করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ অবস্থার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান, ডা. মাহমুদুল হাসান মিলাদ, সহকারী সাধারণ সম্পাদক কামরুল হাসান নাসিম, মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সুফিয়ান, অর্থ সম্পাদক আবুল খায়ের, সহকারী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অফিস সম্পাদক রায়হান চৌধুরী, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক জাফর ইমরান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খালেদ হাসান, সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহমুদ হোসাইন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক কাকলী আক্তার, সহকারী অফিস সম্পাদক আবু বকর, শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. সানাউর রহমান চৌধুরী এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শাহিদুর রহমানসহ অন্যরা।

নেতারা বলেন, দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’ প্রতিষ্ঠার পর থেকে সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তাঁরা শিশু হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা অপরাধ করতে ভয় পায় না। তাঁরা শিশু রামিসা, মালিহাসহ আলোচিত সব ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। একই সঙ্গে বাংলাদেশে চলমান সহিংসতা, অপরাধ ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তাঁরা।