back to top

সীতাকুণ্ডে সেতুর লোহার প্লেট চুরি, যানবাহন চলাচল বন্ধ

মোস্তফা-হাকিম গ্রুপের অর্থায়নে নির্মিত হয়েছিল সেতুটি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৩:২৩
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ বগাচতর গ্রামের সংযোগকারী একটি সেতুর লোহার প্লেট চুরি হয়ে গেছে। এতে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার রাতে বদরখালী খালের ওপর নির্মিত সেতুটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর ও দক্ষিণ বগাচতর গ্রামের মাঝখানে অবস্থিত বদরখালী খালের ওপর স্বাধীনতার আগে প্রায় ৮০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো ছিল। দীর্ঘদিন ধরে স্থানীয়রা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাঁকোর বাঁশ, পাটাতন ও খুঁটি পরিবর্তন করে চলাচলের ব্যবস্থা বজায় রাখতেন। বর্ষাকালে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঘটনাও ঘটত। সাঁকোটিকে সেতুতে রূপান্তরের দাবি জানিয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হন এলাকাবাসী। তবে বিভিন্ন অজুহাতে উদ্যোগ বাস্তবায়ন হয়নি। পরে ২০২০ সালে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা-হাকিম গ্রুপের কর্ণধার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম নিজ উদ্যোগে সেখানে লোহার প্লেটের সেতু নির্মাণ করে দেন।

এরপর থেকে দুই গ্রামের মানুষের পাশাপাশি বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নের হাজারো মানুষ বিভিন্ন প্রয়োজনে সেতুটি ব্যবহার করে আসছেন। স্থানীয়দের ভাষ্য, সেতুটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম।

এদিকে, সেতুর প্লেট চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর বগাচতর গ্রামের বাসিন্দা বদিউল আলম বলেন, এই সেতুর ওপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। সেতুর একটি লোহার প্লেট অপসারণের ফলে যানবাহন চলাচল করতে পারছে না। মোটরসাইকেল চলাচল করলেও যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি উপজেলা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কার করে পুনরায় সচল করার আহ্বান জানান।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।