ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১১টায় নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, ছাত্রশিবির ঘুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করছে, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ করছে এবং তাদের গুপ্ত নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারীনির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল।
এ সময় বক্তব্য দেন মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমন এবং নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম। এছাড়া কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ছাত্রশিবিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিন্দা জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন বিএনপি ও ছাত্রদলের শক্ত ঘাঁটি। মিরসরাইয়ের জনপ্রিয় জননেতা নুরুল আমিন এমপির নেতৃত্বে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন শুরু হয়েছে। এ এলাকায় কোনো ধরনের গুপ্ত অপপ্রচার চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
চ/ক
