back to top

মরহুম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মো. মোয়াজ্জেম হোসেনের স্মরণে ১৯ জুন দোয়া ও জেয়াফত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৪:০৯
[photo_card_and_fontsize]
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং প্রতিষ্ঠানটির সাবেক সহ-সভাপতি মরহুম মো. মোয়াজ্জেম হোসেনের স্মরণে কুরআন খতম, দোয়া ও জেয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৯ জুন (শুক্রবার) মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের শান্তিরহাট এলাকার নিজবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ও এস. রহমান ট্রাস্ট।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী সকাল ৮টায় পবিত্র কুরআন খতম, সকাল ১০টায় দোয়া মাহফিল এবং দুপুর ১২টায় জেয়াফত অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম দুই ব্যক্তিত্বের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক অবদান স্মরণে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ও এস. রহমান ট্রাস্টের সভাপতি সাবেদ উর রহমান (সুমু) বলেন, “মরহুম বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং মরহুম মো. মোয়াজ্জেম হোসেন শিক্ষা, সমাজসেবা ও এলাকার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁদের স্মৃতি ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আত্মার মাগফিরাত কামনায় এ কুরআন খতম, দোয়া ও জেয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মরহুমদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে দোয়া করার জন্য আমরা এলাকার সর্বস্তরের মানুষ, শুভানুধ্যায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”
অনুষ্ঠান সফল করতে আয়োজকরা সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৩ মে ২০২৬ তারিখে ৮৩ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  অন্যদিকে তাঁর ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রাক্তন সভাপতি মোয়াজ্জেম হোসেন ৩১ মার্চ ২০২৬ তারিখে ৮২ বছর বয়সে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।