back to top

দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১১:৫২
[photo_card_and_fontsize]

দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মিরসরাইয়ে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— “দুর্নীতিবিরোধী মনোভাব তৈরিতে পরিবারের ভূমিকাই মুখ্য।”

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় জোরারগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, জে.বি. উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ও জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়রর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এবং সহযোগিতায় ছিল মিরসরাই উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, মিরসরাই উপজেলা।

প্রথম পর্বে ‘ক’ গ্রুপে “দুর্নীতিবিরোধী মনোভাব তৈরিতে পরিবারের ভূমিকাই মুখ্য” বিষয়ে পক্ষে অংশ নেয় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। ‘খ’ গ্রুপে “দুর্নীতি দমনে প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বোত্তম পন্থা” বিষয়ে পক্ষে ছিল জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিলকিস আক্তার এবং মডারেটর ছিলেন শাহাদাত হোসেন চৌধুরী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, উপজেলা সহকারী প্রোগ্রামার মহিউদ্দিন জিলানী এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান মিয়া।

‘ক’ গ্রুপে বিজয়ী হয় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় এবং ‘খ’ গ্রুপে বিজয়ী হয় মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। পরে ফাইনাল রাউন্ডে “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে” বিষয়ে পক্ষে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয় অংশ নেয়। ফাইনাল পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন।
অধ্যাপক বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক নুরুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক বিপুল দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন এবং জে.বি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া।
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মহিউদ্দিন জিলানী। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতার সেরা বক্তা নির্বাচিত হন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ মুহিব।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও পুরস্কৃত করা হয়।