back to top

“পলাতক হাসিনার নির্দেশে নৈরাজ্য সৃষ্টি করলে রাজপথেই প্রতিহত করা হবে”

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৩:৫৯
[photo_card_and_fontsize]

কার্যক্রম নিষিদ্ধ  ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মিরসরাই প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের নেতৃবৃন্দসহ ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, “শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর দেশকে একদলীয় শাসনের মাধ্যমে কারাগারে পরিণত করেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির এভাবে দেশত্যাগের নজির নেই। জনগণের আন্দোলনের মুখে যিনি পালিয়ে যান, তার বাংলাদেশের রাজনীতিতে থাকার নৈতিক অধিকার নেই।”
প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বদরুল বলেন, “পলাতক নেতৃত্বের নির্দেশে যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী মিরসরাইসহ দেশের কোথাও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালায়, তাহলে জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সমাবেশে বক্তারা আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী শক্তির যেকোনো নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কৃষক দল ও বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।”
মিছিল চলাকালে নেতাকর্মীরা “খুনি হাসিনার বিচার চাই”, “নৈরাজ্যের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ”, “দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাও”, “গণতন্ত্র পুনরুদ্ধারে কৃষক দল ঐক্যবদ্ধ”, “জিয়ার সৈনিক এক হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও” ইত্যাদি স্লোগান দেন।