back to top

মন্ত্রীত্ব হারানোর পর প্রথম রাঙ্গামাটিতে ফিরে দিপেনের ঘোষণা  ‘বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আর বরদাশত করব না’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬ ১২:০৫
[photo_card_and_fontsize]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে রাজকীয় সংবর্ধনায় ফিরলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, “বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এবার আর বরদাশত করব না।” একই সঙ্গে পাহাড়ি ও বাঙালিদের ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তিনি।
বুধবার (১ জুলাই) বিকেলে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা থেকে সড়কপথে রাঙ্গামাটি ফেরার পথে কাউখালীর বেতবুনিয়া, গোদারপাড়, ঘাগড়াসহ বিভিন্ন স্থানে হাজারো নেতাকর্মী ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে মোটর শোভাযাত্রাসহ বিকেল ৪টার দিকে তিনি শহরের কাঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ে পৌঁছান।
দীপেন দেওয়ান বলেন, “তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ ও শক্তি। আমি এখনও সংসদ সদস্য আছি, আপনাদের সঙ্গেই আছি এবং থাকব। দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের দলের নেতা। তাঁর নির্দেশই আমাদের জন্য চূড়ান্ত। পাহাড়ি ও বাঙালি সবাই ভাই ভাই হয়ে থাকবেন, যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।”
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টুসহ জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। দায়িত্ব নেওয়ার ১০২ দিনের মাথায় তার পদত্যাগ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এরপর তাকে পুনর্বহালের দাবিতে নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করে। পদত্যাগের পর তিনি ঢাকায় অবস্থান করলেও জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নেন। এক মাস পর নিজ এলাকায় ফিরে নেতাকর্মীদের উচ্ছ্বসিত সংবর্ধনা গ্রহণ করেন তিনি।