back to top

ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মিরসরাই টিমের  পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬ ১২:৪৩
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে মিরসরাই উপজেলা ফুটবল টিমের পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় মিরসরাই উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এ সভায় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়ানুরাগী মুহাম্মদ ফরহাদ হোসাইন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ফুটবলার বাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক সোমাইয়া আক্তার।

আরো বক্তব্য রাখেন, সদস্য সচিব মহিউদ্দিন বাদল, উপজেলা ফুটবল একাডেমির সভাপতি দিদারুল আলম মাস্টার।

সভার একপর্যায়ে খেলোয়াড়রা উপজেলা মিনি স্টেডিয়ামের বিভিন্ন সমস্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সামনে তুলে ধরেন। তারা মাঠের অবকাঠামো উন্নয়ন, অনুশীলনের উপযোগী পরিবেশ নিশ্চিতকরণ এবং খেলাধুলার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খেলোয়াড়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে সোমাইয়া আক্তার বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। তিনি যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মিরসরাই দল ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে উপজেলার সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে দলের সফলতা কামনা করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মেহরাজ হাবিব চৌধুরী, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিনসহ ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।