back to top

মিরসরাইয়ে সন্তানদের হত্যার হুমকি ও চাঁদা চাওয়ার  অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ১৫:৪৪
[photo_card_and_fontsize]

মিরসরাইয়ে চাঁদাবাজি, হামলা, নির্যাতন ও মামলার হয়রানি থেকে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হাসিনা আক্তার শিল্পী নামের এক ভ‚ক্তভোগী নারী। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুয়ারু গ্রামের জয়নাল আবেদীন টেন্ডল বাড়ির নিজাম উদ্দিনের স্ত্রী।
শনিবার (৪ জুলাই) দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে হাসিনা আক্তার শিল্পী জানান, তার স্বামী নিজাম উদ্দিন স্থানীয় মো. আলাউদ্দিনের কাছ থেকে ২০১৫ সালে ৬ শতক ও তার ভায়রা আলী আকবরের কাছ থেকে উপজেলার দুয়ারু এলাকায় ১৩ শতক সহ মোট ১৯শতক জমি ক্রয় করেন। উক্ত জমিতে ঘর নির্মাণ করে সেখানে বসবাস করে আসছেন। আলাউদ্দিনকে জমির মূল্য বাবদ সব টাকা পরিশোধ করলেও সে আমাদের ক্রয়কৃত জমিতে লাগানো গাছ, জমির মাটি কেটে নিয়ে যায় এবং সে আমাদের কাছে আরো ৫ লাখ টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে সে আমার স্বামী নিজাম উদ্দিন, আমাকে ও আমার ছেলেদের মারধর করে। এঘটনায় চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে মামলা করেছি। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় আলাউদ্দিন গ্রেফতার হন।
তিনি আরো বলেন, আমার স্বামী নিজাম উদ্দিন জাহাজে চাকুরী করেন। আলাউদ্দিনের ভয়ে আমার স্বামী বাড়ি আসতে পারছেনা। আলাউদ্দিন জামিনে আসার পর বাড়িতে আমার স্বামী না থাকার সুবাধে সে প্রায় সময় উত্যক্ত করছে এবং আমার ছেলেদের হত্যা করে লাশ গুম করার হুমকী দিচ্ছে। আলাউদ্দিনের এমন সন্ত্রাসী কার্যক্রম থেকে আমরা মুক্তি চাই।
অভিযোগ অস্বীকার করে মো. আলাউদ্দিন বলেন, হাসিনা আক্তার শিল্পীর স্বামী নিজাম উদ্দিন আমার থেকে যে জমি কিনেছে তা বুঝিয়ে দিয়েছি। তারপরও সে মিথ্যা বিভিন্ন অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি তার কাছে কোন চাঁদা চাইনি এবং কোন হুমকীও দেইনি।