চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর সোমবার জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রামস্থ হাতিয়ার আব্দুর রহমান, ডা. জুয়েল, মো. হ্যাপি, আকতার হোসেন, মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর মাহবুবের রহমান শামীম তাকে এ দায়িত্ব অর্পণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন।

