চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
আগামীকাল রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাব-জোন-০৬-এর প্লট নম্বর ২২-এ এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার।
এমইপি গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিতব্য এ শিল্পপার্কে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর আগে বেজা ও এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের মধ্যে প্রায় ১০ একর জমিতে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং ভবিষ্যতে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে।
