চট্টগ্রামের মিরসরাই উপজেলার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি বিষয়ে পৃথক বিতর্ক অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে ৭ম শ্রেণি বনাম ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে “প্রযুক্তি মানুষের উপকারের চেয়ে অপকার বেশি করছে” শীর্ষক বিতর্কে পক্ষ দল হিসেবে অংশ নেওয়া ৮ম শ্রেণির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দ্বিতীয় পর্বে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বনাম ছাত্রীদের মধ্যে “শহরের জীবনের চেয়ে গ্রামের জীবন শ্রেয়” শীর্ষক বিতর্কে যুক্তিতর্কে এগিয়ে থেকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের দল চ্যাম্পিয়ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এমদাদ হোসেন রিগানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক নুরুল আলম।
বিচারকের দায়িত্ব পালন করেন করেরহাট গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আমজাদ হোসেন সাহেদ, ইংরেজি প্রভাষক সাইফুল ইসলাম এবং মিরসরাই উপজেলা স্বাস্থ্য সহকারী ও মিরসরাই পৌরসভার ইন্সপেক্টর কাজী সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল, শ্রেষ্ঠ বক্তা এবং অংশগ্রহণকারী উভয় দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বিতর্কে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
