আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি অনুরাগ এবং ধর্মীয় অনুশীলনকে জীবনের অংশ করে নেওয়ার এক ব্যতিক্রমী উদ্যোগের মাইলফলক স্পর্শ করলেন মিরসরাইয়ের রক্তযোদ্ধা ও সমাজকর্মী আনিসুল হক শিমুল। টানা কয়েক বছরের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজ আদায়ের মাধ্যমে তিনি ২০০তম মসজিদ সফর সম্পন্ন করেছেন।
এদিন মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের ঐতিহ্যবাহী বদর উদ্দিন ভূঁইয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। এর মধ্য দিয়েই পূর্ণতা পায় তাঁর ২০০তম মসজিদ সফরের অনন্য যাত্রা।
নামাজ শেষে বদর উদ্দিন ভূঁইয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনিসুল হক শিমুল। এ সময় সমাজকর্মী ও সংবাদকর্মী আকতার হোসেন তাঁকে শুভেচ্ছা ও উপহার দিয়ে অভিনন্দন জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সমাজকর্মী গোলাম মর্তুজা ভূঁইয়া, সমাজকর্মী হাসানুজ্জামান সানি এবং কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদ তুহিন।
এর আগে ২০২৫ সালের ৮ আগস্ট করেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে তিনি ১৫০তম মসজিদ সফরের মাইলফলক স্পর্শ করেন।
আনিসুল হক শিমুল জানান, ২০২২ সালের মার্চ মাসের শেষ দিকে মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শতবর্ষী মানিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে তাঁর এই ব্যতিক্রমী মসজিদ সফরের যাত্রা শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার বিভিন্ন এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি এই অনন্য অর্জনে পৌঁছেছেন।
মিরসরাইয়ের অন্যতম সর্বোচ্চ রক্তদাতা হিসেবে পরিচিত আনিসুল হক শিমুল করেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের কাদির মুহাদার বাড়ির একরামুল হকের তৃতীয় পুত্র। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ব্লাড ফাইটার্স কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি, মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত প্রতিভা’র সদস্য, পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সদস্য, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সমাজসেবা সম্পাদক, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাইয়ের উপদেষ্টা এবং জোরারগঞ্জ বাজারে অবস্থিত ‘মীম ফ্যাশন’-এর স্বত্বাধিকারী।
ধর্মীয় অনুরাগ, সমাজসেবা এবং মানবিক কর্মকাণ্ডের সমন্বয়ে আনিসুল হক শিমুলের এই ২০০তম মসজিদ সফর স্থানীয়দের কাছে এক অনুপ্রেরণাদায়ী উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে।
২০০তম মসজিদ সফর সম্পন্ন করলেন সমাজকর্মী আনিসুল হক শিমুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ১২:১৭
[photo_card_and_fontsize]
