back to top

গভীর সমুদ্রে ভাসতে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার কোস্টগার্ডের

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৭:৪২
[photo_card_and_fontsize]

সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি ১২ জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিল। এ সময় সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সাগরের মধ্যে বোটটি ভাসতে থাকে।

ইঞ্জিন সচল করার জন্য জেলেরা চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে ফোন করে বোট মালিককে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে বিকল অবস্থায় ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ বোটটি শনাক্ত করা হয়। সেখান থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। বর্তমানে বোটসহ উদ্ধার করা জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গভীর সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনা করা হয়েছে। সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।