back to top

মিঠানালায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ০০:১১
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে রাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।
সম্প্রতি শেখ রুহুল আমিন বাড়ির একটি বসতঘরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। গত ৫ আগস্ট দিবাগত রাতে এ ঘটনায় নগদ টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়।
এ ছাড়া আবুল হুদা মেস্ত্ররী বাড়ি প্রকাশ রাহেলদের বাড়িতে একাধিকবার বাউন্ডারি দেয়াল টপকে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা এলাকায় একটি পোলট্রি ফার্মে পুলিশ পরিচয়ে ঢুকে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে ডাকাতির অভিযোগ ওঠে। ওই ঘটনায় নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এলাকায় চুরি-ডাকাতির পাশাপাশি মাদক কেনাবেচার তৎপরতাও রয়েছে। তারা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এসব অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। তবে অভিযোগগুলোর স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। ফলে অভিযুক্তদের বিষয়ে পুলিশের তদন্ত ও বক্তব্য গুরুত্বপূর্ণ।
এলাকাবাসীর দাবি, চুরি-ডাকাতির ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি রাতে পুলিশি টহল এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা হোক।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই।